গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাংগা গ্রামের বাসিন্দা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য প্রয়াত কার্তিক চন্দ্র ঠাকুরের সহধর্মিণী এবং উপজেলা বিএনপির নেতা রানা ঠাকুরের মা কানন বালা ঠাকুর ইহ জগতের মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) দুপুর ২টা ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক পুত্র ও সাত কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
১৯৫০ সালের ১১ আগস্ট গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের আচার পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার স্বামী কার্তিক চন্দ্র ঠাকুর একজন রাজনীতিবিদ হওয়ায় স্বামীর পাশাপাশি তিনিও জন্মভূমির মাটি ও মানুষের প্রতি গভীর টান থেকে সারাজীবন মানবসেবা ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন।
এই মহীয়সী নারীর মৃত্যুতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রানা ঠাকুরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 


















