আজ ২৩ মার্চ, ২০২৬ সোমবার মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের একটি লিচু বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম অভিজিৎ বিশ্বাস (২০)।তার ডাকনাম পটে। সে কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লিচু বাগানের ভেতরে অভিজিতের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ২০ বছর বয়সী এই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। তবে মরদেহটি হাঁটুগাড়া অবস্থায় পাওয়া গেছে। অনেকেরই ধারণা,হত্যার পর মরদেহটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। অভিজিৎ বিশ্বাসের মৃত্যু নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও সন্দেহ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবিলম্বে আসামি সনাক্তপূর্বক তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
মাদারীপুর জেলা প্রতিনিধি: 

















