রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনরত এক শিক্ষক লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানিয়েছে, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানা পরীক্ষার হলে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে এ সময় অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে।
পরবর্তীতে পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী শিক্ষক সোহেল রানার উপর অতর্কিত হামলা ও মারধর করে আহত করে।পরে অন্যান্য শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এবিষয়ে ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা মুঠোফোনে বলেন, আমি পরীক্ষার হলে দায়িত্ব পালনকালে দুই শিক্ষার্থী নকল করছিলো। আমি তাদের বাধা প্রদান করলে তারা আমাকে লাঞ্ছিত করে এবং হল থেকে বের হলে আমাকে দেখে নেবে বলে হুমকি প্রদান করে। অতঃপর আমি ঝামেলা এড়াতে অন্য সিড়ি দিয়ে নিচে নামার সময় তারা আমার উপর অতর্কিত হামলা করে।
কলেজ প্রশাসন জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারির অংশ হিসেবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন, আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।
প্রশাসন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
সারাক্ষণ ডেস্ক 


















