নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টায় তিনি কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্ত হন।আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, বুধবার বিকেলে জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।
আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টার দিকে তিনি মুক্তি লাভ করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
এর আগে তার বিরুদ্ধে দায়ের করা মোট ১২টি মামলায় আদালত থেকে জামিন পান আইভী। গত ১০ মে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ তার বিরুদ্ধে থাকা ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। পরে ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া আরও দুটি মামলায় হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখে আপিল বিভাগের চেম্বার আদালত।
ফলে বর্তমানে তার বিরুদ্ধে চলমান ১২টি মামলাতেই জামিন কার্যকর রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বুধবার রাতে কারামুক্ত হয়ে তিনি নিজ শহর নারায়ণগঞ্জে ফেরার সুযোগ পান।
নারায়ণগঞ্জ প্রতিনিধি 


















