ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ের ঘটনার জেরে দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলার ২ নম্বর আসামি ফরহাদ ওরফে কোম্পানী (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মামলার প্রধান আসামি সাইফুলের বড় ভাই।
পুলিশ জানায়, শনিবার রাতে দিনাজপুর র্যাব-১৩ এর সহযোগিতায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে তাকে আটক করে। গ্রেফতার হওয়া ফরহাদ ওরফে কোম্পানী দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রবিবার দুপুরে ফরহাদকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, জোরপূর্বক তুলে নিয়ে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে অপমান ও মানসিক চাপে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ফরহাদকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















