দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনেই ঘটে গেল প্রযুক্তিগত বিপর্যয়। প্রায় ৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে কেনা নতুন সাউন্ড সিস্টেম এবং হেডফোন ব্যবস্থায় মারাত্মক ত্রুটি দেখা দেওয়ায় অধিবেশন চলাকালে মাইক কাজ করেনি, স্পিকারকে হ্যান্ডমাইক ব্যবহার করতে হয়েছে, আর সংসদ সদস্যরা অভিযোগ করেছেন নিম্নমানের হেডফোনে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।
এই ঘটনার পর গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলীর গাফিলতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও কেন এমন বিপর্যয় ঘটলো।
এমপির অভিযোগ: “হেডফোনে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা” : ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান) সংসদে দেওয়া হেডফোনের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সংসদে দেওয়া হেডফোনের মান এতটাই খারাপ যে এটি ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের।”
তিনি আরও দাবি করেন, সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। বিষয়টি তাকে হতাশ করেছে বলেও উল্লেখ করেন। অধিবেশন চলাকালে কয়েকজন সংসদ সদস্যও অভিযোগ করেন, তাদের ব্যবহৃত হেডফোন ঠিকভাবে কাজ করছিল না। স্পিকারের মাইকও বন্ধ! ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে হঠাৎ করেই মূল সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য দিতে গিয়ে দেখেন মাইক কাজ করছে না। কয়েকবার চেষ্টা করেও শব্দ শোনা যাচ্ছিল না। একপর্যায়ে তাকে হ্যান্ডমাইক ব্যবহার করতে বাধ্য হতে হয়। স্পিকার তখন বলেন, “যান্ত্রিক গোলযোগের কারণে কথাবার্তা ঠিকমতো শোনা যাচ্ছে না। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।” পরিস্থিতি সামাল দিতে তিনি ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বিরতির পর আবার অধিবেশন শুরু হয়।
পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে গাফিলতির চরম অভিযোগ :
সংসদের সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী—অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) মো. আশ্রাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী আসিফুর রহমান এবং উপসহকারী প্রকৌশলী সামসুল ইসলাম।
গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সাউন্ড সিস্টেম চালুর আগে কমপক্ষে ১০ থেকে ১২ দিন নিবিড় পরীক্ষা করার নিয়ম রয়েছে। কিন্তু এবার সেই প্রক্রিয়া ঠিকমতো অনুসরণ করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, এই প্রকৌশলীরাই সাউন্ড সিস্টেম কেনা ও স্থাপনের পুরো প্রক্রিয়া তদারকি করেছেন।
পুরোনো ঘটনা: ২০১৮ সালেও বিদ্যুৎ বিভ্রাট : গণপূর্ত সূত্র বলছে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশ্রাফুল হক এর আগেও ২০১৮ সালে সংসদ ভবনের দায়িত্বে ছিলেন। তখন অধিবেশন চলাকালে প্রায় ৪৫ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘটনা ঘটেছিল।
অনভিজ্ঞ ঠিকাদারকে কাজ !
সংসদের হেডফোন ও গুজনেক মাইক্রোফোন স্থাপনের কাজ পেয়েছে আমানত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
সূত্র বলছে, এই প্রতিষ্ঠানের আগে সংসদ ভবনে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না। অথচ দীর্ঘদিন সংসদের অডিও সিস্টেমের কাজ করা প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডকে বাদ দিয়ে নতুন এই ঠিকাদারকে কাজ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান জোয়ারদার বলেন, “আমরা বিদেশি বিশেষজ্ঞ দিয়ে সিস্টেম পরীক্ষা করে প্রতিবেদন দিয়েছিলাম। কিন্তু সুকৌশলে আমাদের বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়।”
কোটি টাকার কাজ, দায় নিতে কেউ রাজি নয় : গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সংসদে এসি, আলো, মাইক্রোফোন ও অডিও সিস্টেমসহ প্রায় ১২ কোটি টাকার কাজ বরাদ্দ রয়েছে। এর মধ্যে শুধু হেডফোন ও গুজনেক মাইক্রোফোন স্থাপনেই ব্যয় হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা। তিনি বলেন, “গুজনেক মাইক্রোফোনের দাম ৫৫ থেকে ৬০ হাজার টাকা এবং হেডফোনের দাম প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা।” তবে দায় স্বীকার করতে রাজি নন কেউই।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, “হেডফোন ও মাইক্রোফোন কাজ করেনি—এটা শুনেছি। কিন্তু বিস্তারিত জানি না। অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ বিষয়ে জানেন।” অন্যদিকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সরাসরি বলেন, “এর দায় আমার না। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না।”
প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ’ ?
এই বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে আরেক ঘটনা। সংসদে প্রযুক্তিগত ত্রুটির অভিযোগের মুখে থাকা কর্মকর্তাদের মধ্যেই কেউ কেউ আবার কারিগরি প্রশিক্ষণের নামে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
জানা গেছে, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা (HVAC) রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পাঁচ দিনের প্রশিক্ষণে আটজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন—
অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশ্রাফুল হক, উপসচিব মো. নাজমুল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান,, প্রকল্প পরিচালক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালত বারী। এই সফরের সব ব্যয় বহন করবে ‘ডানহাম–বুশ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপসচিব মো. নাজমুল আলম বলেন, “ওদের টাকায় বিদেশ যাওয়া হচ্ছে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।”
টিআইবি: এটি স্বার্থের দ্বন্দ্ব : এ বিষয়ে ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, Transparency International Bangladesh বলেন, “কোম্পানির টাকায় বিদেশ যাওয়ার সংস্কৃতি দীর্ঘদিনের আমলাতান্ত্রিক সমস্যা। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় এবং সরকারি ক্রয়নীতির সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়।” তার মতে, বর্তমানে অনলাইনের মাধ্যমেই প্রযুক্তিগত অনেক তথ্য জানা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে এসব সফর বাস্তবে প্রশিক্ষণের চেয়ে বিদেশ ভ্রমণের সুযোগ হয়ে দাঁড়ায়।
প্রশ্ন এখন একটাই : জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কোটি টাকার সাউন্ড সিস্টেম বসিয়েও উদ্বোধনী অধিবেশনেই মাইক অচল, হেডফোনে অভিযোগ, অধিবেশন স্থগিত— এমন পরিস্থিতি কেন তৈরি হলো ?
সচেতন মহলের প্রশ্ন— এটি কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি কমিশন–নির্ভর ঠিকাদারি ও প্রশাসনিক অব্যবস্থাপনার ফল? নাকি সুনিপুণ কোনো দুরভিসন্ধী?
নিজস্ব প্রতিবেদক 
























