ভোলার তজুমদ্দিন উপজেলা উপজেলার চাঁচড়া ইউনিয়নের ফরাজী কান্দি এলাকায় একটি পরিবারকে বসতঘর থেকে বের করে আসবাবপত্র বাইরে ফেলে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবু তাহের থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবু তাহেরের সালা ঢাকার ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৪০) প্রায় ১৪ বছর আগে ঢাকায় জমি কিনে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১২ লাখ টাকা নেন। পাশাপাশি আবু তাহেরের স্ত্রী সাফিয়া বেগম নদীর পাড়ে পাওয়া প্রায় দেড় কেজি ওজনের একটি স্বর্ণের বার রফিকুল ইসলামের কাছে দেন বলেও অভিযোগ করেন তিনি। তবে দীর্ঘ সময় পার হলেও জমি কিনে দেননি বলে দাবি ভুক্তভোগীর।
ভুক্তভোগী আবু তাহের জানান, নদীভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয়ে গেলে শ্বশুরের সম্পত্তিতে তার ১২ শতাংশ জমি পাওয়ার কথা থাকলেও রফিকুল ইসলাম মাত্র ৪ শতাংশ জমির মধ্যে ঘর তুলে সেখানে বসবাসের সুযোগ দেন। গত ১৪ বছর ধরে তারা ওই ঘরেই বসবাস করে আসছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি রফিকুল ইসলাম নিজের প্রয়োজনে জায়গা ছেড়ে দিতে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় গতকাল লোকজন নিয়ে এসে তার পুরো পরিবারকে ঘর থেকে বের করে দেন এবং আসবাবপত্র বাইরে ফেলে ঘরে তালা ঝুলিয়ে দেন।
বর্তমানে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে আবু তাহের প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সুষ্ঠু বিচার ও প্রতিকার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং তারা আমার ঘর দখলের অপচেষ্টা চালাচ্ছে।ঘটনার পর ভুক্তভোগী আবু তাহের বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলা জেলা প্রতিনিধি 


















