ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি
নিজস্ব প্রতিবেদক
মোহনা টেলিভিশন লিমিটেডের অনলাইন শাখা থেকে অব্যাহতি পাওয়ার পর প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বুশরা ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগ উঠেছে সাবেক মোজো রিপোর্টার ঈসা মোহাম্মদ তকী তাজওয়ারের বিরুদ্ধে। এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা বন্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে মোহনা টেলিভিশন কর্তৃপক্ষ। একই সঙ্গে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ডিএমডি ও তাঁর মাকে ঘিরে ফেসবুকে পোস্ট
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অব্যাহতিপত্র হাতে পাওয়ার পর তাজওয়ার তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একাধিক পোস্ট দেন। এসব পোস্টে ডিএমডি বুশরার বেতন, প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের ভাড়া এবং তাঁর মায়ের ভিসা, কাজের অনুমতি, বেতন ও করসংক্রান্ত বিভিন্ন মিথ্যা তথ্যদিয়ে পোস্ট করা হয়।
পোস্টগুলোতে দাবি করা হয়, ডিএমডি বুশরা প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বেতন নেন এবং প্রতিষ্ঠানের ভবনভাড়ার অর্থও তাঁর কাছে যায়। পাশাপাশি তাঁর মায়ের বিরুদ্ধে ট্যুরিস্ট ভিসায় এসে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, ছেলের অ্যাকাউন্টে বেতন গ্রহণ, কর ফাঁকি ও অর্থ পাচারের মতো মিথ্যা ও বানোয়াট তথ্য পোস্ট করা হয়।
তবে মোহনা টিভি কর্তৃপক্ষের দাবি, এসব পোস্টে পক্ষে নির্ভরযোগ্য নথি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ডিএমডি বুশরার মা প্রতিষ্ঠানটির কোনো কর্মচারী নন। ফলে তাঁর প্রতিষ্ঠানে চাকরি, বেতন গ্রহণ বা ওয়ার্ক পারমিট নিয়ে তোলা প্রশ্নের ভিত্তি নিয়েই আপত্তি রয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, চাকরিসংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তের পর ডিএমডি ও তাঁর পরিবারের সদস্যদের ঘিরে এ ধরনের মিথ্যা ও বানোয়াট পোস্ট করে তাদের মানহানি করা হয়েছে । ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে যাচাইহীন তথ্য প্রচার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানির কারণ হতে পারে।
ফোনালাপ ও হুমকির অভিযোগ
পরবর্তী একটি ফেসবুক পোস্টে তাজওয়ার দাবি করেন, ডিএমডি বুশরা তাঁকে ফোন করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তিনি তাতে রাজি হননি এবং এরপর তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে আরেকটা পোস্ট করেন।
অন্যদিকে, মোহনা টিভির পক্ষ থেকে করা জিডিতে ফোনে হুমকি এবং বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন ও এসএমএসের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও অভিযোগের সত্যতা যথাযথভাবে যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ।
আর্থিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে অব্যাহতি
মোহনা টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের তথ্য অনুযায়ী, অনলাইন শাখায় কাজের পরিমাণ কমে যাওয়া এবং কার্যক্রম আর্থিকভাবে লাভজনক না হওয়ায় জনবল কাঠামো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর অংশ হিসেবে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে স্মারক নম্বর ১৬৮২-এর মাধ্যমে তাজওয়ারসহ অনলাইন শাখার কয়েকজন কর্মীকে অব্যাহতির চিঠি দেওয়া হয়। সিদ্ধান্তটি ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা চিঠিতে উল্লেখ রয়েছে।
অব্যাহতিপত্রে সিদ্ধান্তটিকে শাস্তিমূলক ব্যবস্থা নয় বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নোটিশের পরিবর্তে নোটিশকালীন মজুরি এবং আইনানুযায়ী ক্ষতিপূরণসহ প্রাপ্য পাওনা পরিশোধের বিষয়টিও চিঠিতে রয়েছে।
প্রতিষ্ঠানের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে তা আইনসম্মত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নিষ্পত্তির সুযোগ রয়েছে। তবে সেই বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তার সত্যতা ও প্রমাণ যাচাই করা জরুরি।
হুমকির অভিযোগে পল্লবী থানায় জিডি
মোহনা টেলিভিশন লিমিটেডের পক্ষে তসলিম চৌধুরী ১৪ অক্টোবর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ১৩৯২।
জিডিতে অভিযোগ করা হয়, অব্যাহতিপত্র পাঠানোর ১২ ঘণ্টা পার হওয়ার আগেই অব্যাহতিপ্রাপ্তদের একজন মুহাম্মদ আবু আবিদ ফোনে দেশের ৬৪ জেলায় মামলা করার কথা বলেন। এরপর বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন ও এসএমএসের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
জিডিতে ডিএমডি বুশরা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের প্রস্তুতি
মোহনা টেলিভিশন কর্তৃপক্ষের অবস্থান অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের কারণে প্রতিষ্ঠান, ডিএমডি বুশরা ও তাঁর পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়ে থাকলে প্রচলিত আইন অনুযায়ী প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।
সারাক্ষণ ডেস্ক 

















