মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের আর্থিক ক্ষতি কাটিয়ে ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অনলাইন শাখার জনবল কাঠামো পুনর্বিন্যাস করেছে মোহনা টেলিভিশন লিমিটেড। এর অংশ হিসেবে শাখাটির আটজন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, প্রতিষ্ঠানের সাংগঠনিক সিদ্ধান্তের পর বিভিন্ন ফোন নম্বর থেকে মোহনা টেলিভিশন কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
অব্যাহতি পাওয়া কর্মীরা হলেন চিফ এডিটর (প্ল্যানিং, অনলাইন অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) মুহাম্মদ আবু আবিদ, নিউজ এডিটর মুহাম্মদ আবু আদিল, সাইবার সিকিউরিটি এক্সপার্ট মো. আব্দুর রহমান, ভিডিও এডিটর আবু বক্কর সিদ্দীক এবং মোজো রিপোর্টার ঈসা মোহাম্মদ তকী তাজওয়ার, সিয়াম রহমান হিমেল, ইয়াসিন আরাফাত ও মো. মোরছালিন হোসেন দিপু।
বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ থেকে জারি করা চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, অনলাইন শাখার কাজের পরিমাণ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে কমেছে এবং শাখাটির কার্যক্রম প্রতিষ্ঠানের জন্য প্রত্যাশিতভাবে লাভজনক হচ্ছে না। এ কারণে ব্যয় নিয়ন্ত্রণ, আর্থিক সক্ষমতা বজায় রাখা এবং সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে জনবল পুনর্মূল্যায়ন করা হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মের পরিচালন ব্যয়ের তুলনায় আয় অত্যন্ত কম ছিল। এতে প্রতিষ্ঠানকে ক্রমাগত আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। পর্যালোচনায় সংশ্লিষ্ট পদগুলো প্রয়োজনের অতিরিক্ত বিবেচিত হওয়ায় প্রচলিত আইন ও প্রতিষ্ঠানের বিধিবিধান অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর হবে ১৫ অক্টোবর থেকে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং সাংগঠনিক ও আর্থিক বাস্তবতার কারণে নেওয়া সিদ্ধান্ত। অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের নোটিশের পরিবর্তে নোটিশকালীন মজুরি এবং আইন অনুযায়ী প্রাপ্য অন্যান্য পাওনা পরিশোধ করা হবে। এ ছাড়া তাঁদের কাছে থাকা প্রতিষ্ঠানের নথি, ফাইল, তথ্য-উপাত্ত, অফিসিয়াল ডিভাইস ও পরিচয়পত্র শেষ কর্মদিবসে প্রশাসন বিভাগে বুঝিয়ে দিতে বলা হয়েছে। কর্মীদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছে কর্তৃপক্ষ।
বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ
মোহনা টেলিভিশন কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানের সাংগঠনিক পুনর্বিন্যাস ও জনবলসংক্রান্ত সিদ্ধান্তের পর বিভিন্ন ফোন নম্বর থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এসব যোগাযোগের মাধ্যমে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা যাচাই করে দেখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে প্রাসঙ্গিক ফোন নম্বর, কলের সময় এবং অন্যান্য তথ্য-প্রমাণ সংরক্ষণ করে আইনসম্মতভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিয়ে কারও আপত্তি থাকলে তা আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে জানানোর সুযোগ রয়েছে। তবে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
মোহনা টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে, প্রতিযোগিতামূলক গণমাধ্যম পরিবেশে টিকে থাকতে প্রতিটি বিভাগের কার্যকারিতা ও আর্থিক সক্ষমতা নিয়মিত মূল্যায়ন জরুরি। পরিকল্পিত পুনর্গঠন ও সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও দক্ষ ও টেকসই অবস্থানে নেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে মানসম্মত সংবাদ ও সম্প্রচার অব্যাহত রাখা প্রতিষ্ঠানের অন্যতম অগ্রাধিকার।
সারাক্ষণ ডেস্ক 


















