*শৈলকূপায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী গুরুতর আহত, স্ত্রী আটক*
*শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:*
ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী গুরুতর আহত হয়েছেন।
আহত স্বামী *মোঃ মিরাজ বিশ্বাস (৪০)*, পিতা: আবু বকর বিশ্বাস (৭০), গ্রাম: আড়ুয়াকান্দি, ১৩ নং উমেদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, শৈলকূপা। অভিযুক্ত স্ত্রী *মোছাঃ সুমাইয়া খাতুন (২৫)*, পিতা: সাইফুল ইসলাম, গ্রাম: দলনগর, থানা ও জেলা: যশোর।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ায় মিরাজ দ্বিতীয় স্ত্রী হিসেবে সুমাইয়াকে বিয়ে করে ঘরে আনেন। অভিযোগ রয়েছে, গত এক বছরে সুমাইয়া সংসারের কোনো কাজকর্ম করেন না এবং আগের পক্ষের সন্তানদের সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।
আহত মিরাজ জানান, তিনি তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি স্ত্রীকে একটি চড় মারেন।
এরই জেরে আজ রাত আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গলায় ও গোপনাঙ্গে আঘাত করেন স্ত্রী। মিরাজের চিৎকার শুনে তার বাবা-মা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে শৈলকূপা থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমাইয়াকে পুলিশ হেফাজতে নেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাক্ষণ ডেস্ক 












