সততা ব্লাড ডোনার ক্লাব রাণীশংকৈলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
‘স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী, বাঁচবে প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সততা ব্লাড ডোনার ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী রামরায় দিঘি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সততা ব্লাড ডোনার ক্লাব রাণীশংকৈল এর উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী।
প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ রানা (এশিয়ান টিভি)। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও রাণীশংকৈল উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সততা ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মো. শাহারিয়ার আহমেদ শাকিল ও মো. মাসুদ রানা, পরিচালক মো. রাসেল রানা ও মো. বেলালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সততা ব্লাড ডোনার ক্লাব রাণীশংকৈলের সভাপতি মো. শাহাদাত হোসেন। সাধারণ সম্পাদক মামুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়, প্রচার সম্পাদক সাংবাদিক মো. হামিম রানা, সহ-প্রচার সম্পাদক মো. তারেকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগীর জীবন ঝুঁকির মধ্যে না পড়ে, সেজন্য সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। একজনের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে।
তারা আরও বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। এ সময় সংগঠনের পক্ষ থেকে মানবিক সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভবিষ্যতেও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও স্থানীয় শিল্পীরা গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সারাক্ষণ ডেস্ক 


















