কোনো সংবাদমাধ্যমে কর্মরত নন, তবুও সাংবাদিক পরিচয় ভুয়া পরিচয়ে ক্ষুণ্ণ হচ্ছে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা
মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ জাকারিয়া আহমদ স্বাধীন ওরফে স্বাধীনের বিরুদ্ধে; পরিচয়ের বৈধতা যাচাইয়ের দাবি স্থানীয়দের।
সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। অথচ এ পেশার নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা ছাড়াই নিজেকে সাংবাদিক পরিচয় দেন, তাহলে তা প্রকৃত সাংবাদিকদের জন্য বিব্রতকর এবং পুরো সাংবাদিক সমাজের মর্যাদার জন্য উদ্বেগজনক।
এমন অভিযোগ উঠেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আমদাবাজ গ্রামের জাকারিয়া আহমদ স্বাধীন ওরফে স্বাধীনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনি কোনো স্বীকৃত সংবাদমাধ্যম বা নিউজ পোর্টালে কর্মরত নন। সংবাদমাধ্যমে তার কোনো প্রকাশিত সংবাদ কিংবা প্রাতিষ্ঠানিক সাংবাদিক পরিচয়ের তথ্যও তাদের জানা নেই। অথচ বিভিন্ন যোগাযোগমাধ্যমে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসছেন তিনি।
ভুক্তভোগীদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও তাকে সাংবাদিক পরিচয় ব্যবহার করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। তবে তিনি কোন পত্রিকা, টেলিভিশন কিংবা অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক, সে বিষয়ে স্পষ্ট কোনো পরিচয় পাওয়া যায়নি। তার সাংবাদিকতার পরিচয়পত্র বা নিয়োগসংক্রান্ত তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক পরিচয় ব্যবহার করে স্বাধীন সাধারণ মানুষের কাছে নিজের প্রভাব ও গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করেন। তার বিরুদ্ধে কখনো সাংবাদিক, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো এসআই কিংবা ইন্সপেক্টর পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও রয়েছে।
সম্প্রতি সাইবার অপরাধের মামলা করিয়ে দেওয়া এবং আসামি গ্রেপ্তারের আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একপর্যায়ে এক ভুক্তভোগীর মোবাইল ফোন নিয়ে উধাও হওয়ার অভিযোগ করেন সংশ্লিষ্ট পরিবার। পরবর্তীতে ওই মোবাইলের ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আত্মীয়স্বজনের কাছে টাকা চাওয়ার অভিযোগও সামনে আসে।
প্রকৃত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, অনুসন্ধান এবং জনস্বার্থে সত্য প্রকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের পেশাগত পরিচয়ের পেছনে থাকে দায়িত্ব, পরিশ্রম ও জবাবদিহি।
কিন্তু কোনো সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা ছাড়াই কেউ যদি শুধু নিজের নামের পাশে সাংবাদিক শব্দটি ব্যবহার করে মানুষের কাছে পরিচিতি অর্জনের চেষ্টা করেন, তাহলে সাধারণ মানুষের কাছে সাংবাদিকতার পরিচয় নিয়েই বিভ্রান্তি তৈরি হয়।
এ ধরনের পরিচয়ের অপব্যবহার প্রকৃত সাংবাদিকদের সামাজিক সম্মান, পেশাগত গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একজনের ব্যক্তিগত স্বার্থে সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া উচিত নয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, স্বাধীন কোন সংবাদমাধ্যমের সাংবাদিক, কোথায় তার কর্মস্থল, তার নিয়োগ বা পরিচয়পত্রের বৈধতা কী। এসব বিষয় প্রকাশ্যে পরিষ্কার হওয়া প্রয়োজন। যদি তিনি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত না হয়েও উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক পরিচয় ব্যবহার করে থাকে।বতাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা উচিত।
তাদের বক্তব্য, সাংবাদিক পরিচয় কোনো ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মাধ্যম নয়। এটি একটি দায়িত্বশীল পেশাগত পরিচয়। এই পরিচয়ের অপব্যবহার করে প্রকৃত সাংবাদিকদের সম্মানহানি করার অধিকার কারও নেই।
সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় ভুয়া পরিচয়ের ব্যবহার বন্ধ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সারাক্ষণ ডেস্ক 


















