আজ ২৯ জুন,২৬ সোমবার মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার উদ্যোগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে ব্যতিক্রমী এক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। এতে মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ এবং রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন এবং সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় তারা রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
সোমবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন এবং দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ শিক্ষার্থীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াও উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, অনেক শিক্ষার্থীরই জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন থাকে। নানা কারণে সেই সুযোগ সবার হয় না। শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছে, যা তাদের অনুপ্রাণিত করবে।
ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। তাদের মতে, সংসদীয় কার্যক্রম সরাসরি দেখা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। একই সঙ্গে এ ধরনের শিক্ষা সফর পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন এবং সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মাদারীপুরের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সাক্ষাৎ করতে পারায় মাদারীপুরবাসী উচ্ছ্বসিত ও আনন্দিত হয়েছেন বলে আমাদের প্রতিবেদককে জানিয়েছেন।তারা বলেছেন,এর ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শিক্ষার্থীদের মনের জোর অনেকাংশে বেড়ে যাবে।
মাদারীপুর জেলা প্রতিনিধি: 














