নরসিংদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট,২৬) সকালে বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এ জব ফেয়ারের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার জাকিয়া সুলতানা, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্জুর ও মনজুরুল মোর্শেদ চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেন, দেশের ক্রমবর্ধমান টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ ও মেধাবী মানবসম্পদ তৈরি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ও সদ্য স্নাতক তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ জব ফেয়ারের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তিনি বলেন, এ আয়োজনে দেশের বিভিন্ন স্বনামধন্য টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ও নিয়োগকর্তারা অংশ নিয়েছেন। পাশাপাশি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা এতে অংশ নেন।
জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পদে জনবলের চাহিদা তুলে ধরার পাশাপাশি প্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার ও নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। ফলে চাকরিপ্রত্যাশীরা একই প্ল্যাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পান।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বস্ত্রখাত গড়ে তুলতে বাংলাদেশ তাঁত বোর্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। জব ফেয়ার সফল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তার বক্তব্যে বিগত সরকারের সময় তাঁত বোর্ডে অনিয়ম ও লুটপাটের অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি তাঁত বোর্ডকে অনিয়মমুক্ত করে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির ফারুক উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহম্মদ মোল্লাসহ তাঁতীদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
নিজস্ব প্রতিবেদক 




















