দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মমনিরুজ্জামান ওরফে টিটু।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত টিটুকে গ্রেফতারে বানারীপাড়া থানা পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে র্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নির্দেশনায় এসআই মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মো. মমনিরুজ্জামান ওরফে টিটু বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 




















