দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়ায় উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সিদ্ধান্তকে কাহারোলবাসীর জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সচেতন মহল।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হওয়ায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। বিশেষ করে উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দিনাজপুরসহ অন্যান্য স্থানে ছুটে যাওয়ার প্রবণতা কমবে এবং স্থানীয় পর্যায়েই অধিকতর উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
একই সঙ্গে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন কাহারোলবাসীও এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয়দের মতে, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হওয়া শুধু শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয় নয়; এর সঙ্গে চিকিৎসক, নার্স, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার সুবিধা, জরুরি চিকিৎসাসেবা, অবকাঠামো ও প্রয়োজনীয় জনবল বৃদ্ধির সুযোগ তৈরি হবে। ফলে কাহারোল ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ আরও সহজে ও দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
সচেতন মহল মনে করছে, কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়িত হলে মাতৃ ও শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে স্থানীয় জনগণের ভোগান্তি অনেকটাই কমে আসবে। পাশাপাশি চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় ও দূরবর্তী হাসপাতালে যাতায়াতের চাপও কমবে।
এদিকে, ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, চিকিৎসক ও নার্সসহ পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ১০১ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কাহারোলবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত নানা সমস্যা অনেকটাই দূর হবে।
কাহারোলবাসী বলছেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের এ উদ্যোগ উপজেলার মানুষের জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক খবর। তারা এ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন
নিজস্ব প্রতিবেদক 




















