“নতুন প্রজন্মের দীপ্ত পা, ক্রীড়াঙ্গনে জয়ের গান গা”—এই উদ্দীপনামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফস্ স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি,২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।
সেন্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার রীনা লিলিয়ান গমেজ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী।
সম্মানীয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস কনভেন্টের সুপিরিওর ও প্রাক্তন প্রধান শিক্ষক সিস্টার হেলেন গমেজ, প্লাটিনাম জুবিলি কমিটির আহ্বায়ক সিস্টার কুমইডিয়া, বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি প্রাক্তন শিক্ষার্থী কমিটির সভাপতি এ.কে.এম মেহেবুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বাবু এবং আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলী দাস ও মোঃ আজিজ-এর সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করে। পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিযোগিতার আহ্বায়ক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা বলেন,“লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
দিনাজপুর জেলা প্রতিনিধি 

















