টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা সদস্যসহ আটক ৬
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান প্রকাশ হাসানকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা ও র্যাব সদস্য হিসেবে পরিচিত সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের লেদা ক্যাম্প-২৫ সংলগ্ন এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। পরে তাকে বাঁশখালী থানায় নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন, সুমন মুন্সি (৩২), মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তুলে নেওয়ার অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে অপহৃত হন হাসান। অভিযোগ রয়েছে, কালো পোশাক ও মুখোশ পরা চার ব্যক্তি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। এ ঘটনায় সুমন মুন্সিসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
দাবি করা হয় ২০ লাখ টাকা মুক্তিপণ
অপহরণের পর ভুক্তভোগীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনের কাছে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে। টাকা না দিলে হাসানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, অপহরণের পর হাসানকে টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে বুধবার তাকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।
থানায় মামলা, চলছে তদন্ত
এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ২৭; তারিখ ১৯ অক্টোবর ২০২৬। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধার হওয়া ব্যবসায়ীকে বাঁশখালী থানায় নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ছয়জনকে আটক করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হবে বলে জানান তিনি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, অপহরণের পেছনের উদ্দেশ্য এবং মুক্তিপণ দাবির বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তসাপেক্ষ।
সারাক্ষণ ডেস্ক 























