শ্রীপুরে মিথ্যা চাঁদাবাজি মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে একটি কুচক্রী মহলের মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, শারীরিক নির্যাতন এবং একটি অনলাইন পত্রিকার মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্রীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন মণ্ডল এই অভিযোগ তুলে ধরেন। তিনি শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার মৃত সুরুজ মণ্ডলের ছেলে এবং শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ঘ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিখিত বক্তব্যে মো. দেলোয়ার হোসেন মণ্ডল জানান, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে লোহাগাছ এসকেবি নামক ফ্যাক্টরির সামনে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ৩নং বিবাদীর নেতৃত্বে কিছু লোক পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। কোনো যৌক্তিক কারণ ছাড়াই তারা ৭ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মিথ্যা অপবাদ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদল ও বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মানহানি করার চেষ্টা করে।
এ সময় হামলাকারীরা মো. রিপন (৩২) ও মো. মামুন (২৭)-সহ অজ্ঞাত ব্যক্তিরা তাকে ও তার সঙ্গে থাকা লোকজনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে ৮নং বিবাদী তার প্যান্টের পকেটে থাকা ব্যবসায়িক নগদ ১৫,০০০/- টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দকে অবহগত করে স্থানীয়ভাবে সমাধানের অপেক্ষায় থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়। এই ঘটনার সুযোগ নিয়ে “দৈনিক আমার প্রাণের বাংলাদেশ” পত্রিকার সাংবাদিক মাসুম বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।
ভুক্তভোগী এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।
সারাক্ষণ ডেস্ক 


















