খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর কথিত শুটার জনি (২২) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার জনি (২২) খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, জনির বিরুদ্ধে পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় জনির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআরবি-৬ জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সারাক্ষণ ডেস্ক 








