সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহে সতীন আটক
মোঃ মহিবুল্লাহ মেহেদী,
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় নিহত আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১২ নম্বর কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। পাঁচ বছর বয়সী আদিল তাঁদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন। তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে শাহিনা বেগমকে বিয়ে করেন।
ঘটনার পর আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
সারাক্ষণ ডেস্ক 


















