বেতাগীতে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর ৫ দাঁত ভাঙার অভিযোগ ,পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার
মোঃ সোহেল রানা (বরগুনা)
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মারধরের ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ । রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর বেতাগীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে ওই শিশুকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। মারধরের ঘটনায় শিশুটির সামনের তিনটি দাঁত উপড়ে যায় এবং আরও দুটি দাঁত ভেঙে যায়।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা গ্রেপ্তার হলেও ফয়সাল মৃধা আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
ফয়সাল মৃধা গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই গ্রেপ্তার অভিযানে আমরাও উপস্থিত ছিলাম।
সারাক্ষণ ডেস্ক 




















