অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুস সালামের পাশে এমপি মাজেদ বাবু, দিলেন টিন ও ২০ হাজার টাকা
মোঃ মানিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও সংসারের সবকিছু হারানো বৃদ্ধ আবদুস সালাম ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের জন্য সরকারি তহবিল থেকে দুই বান্ডিল ঢেউটিন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তার এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সংসদ সদস্য নিজেও সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্যোগের পর এমন সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ আবদুস সালাম ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুন। তাঁদের চোখেমুখে তখন কৃতজ্ঞতা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা।
কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা বলেন, “আগুনে আমাদের ঘরের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এমন বিপদের সময় সংসদ সদস্য ও তাঁর সহযোগীরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
উল্লেখ্য, গত শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে আবদুস সালাম (৮০) ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুনের (৭০) বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক, থালাবাসনসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছিলেন পরিবারের সদস্যরা।
বয়সের ভারে ন্যুব্জ আবদুস সালামের পক্ষে এখন আর স্বাভাবিকভাবে কাজ করে উপার্জন করা সম্ভব নয়। বসতঘর হারিয়ে স্ত্রীকে নিয়ে চরম দুর্ভোগে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের দেওয়া ঢেউটিন ও আর্থিক সহায়তা তাঁদের নতুন করে ঘর নির্মাণের পথে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন স্থানীয়রা।
সহায়তা কার্যক্রম সম্পর্কে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ বলেন, “অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবার সর্বস্ব হারিয়েছে—বিষয়টি সংসদ সদস্যের নজরে আসার পর তিনি দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও অর্থ সহায়তা দিয়েছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবিক সংগঠন ও বিত্তবান ব্যক্তিরাও তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
সারাক্ষণ ডেস্ক 


















