মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোর অপহরণ, উখিয়ায় গ্রেপ্তার ২
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের উখিয়ায় কিশোর অপহরণ করে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার অভিযোগে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার ইনানী এলাকার আশেক (১৯) ও ইমরান উদ্দিন (২০)।
এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ ফেব্রুয়ারি উখিয়ার মনখালী এলাকার ১৪ বছর বয়সী কিশোর মো. মাইমুন উদ্দিন জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
অপহরণকারীরা কিশোরের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার পাশাপাশি বিষয়টি প্রশাসনকে জানালে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কিশোরকে মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ ও মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার আশেকের বাবার নাম বাদশা মিয়া এবং ইমরান উদ্দিনের বাবার নাম মো. আবুল কালাম। তারা উভয়েই উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
সারাক্ষণ ডেস্ক 


















