বন্দরে স্বর্ণের দোকানে আলোড়ন সৃষ্টিকারী ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার ঢাকেশ্বরী বাজারের সোনাচরায় একটি স্বর্ণের দোকানে ঘটে যাওয়া সাড়াজাগানো ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল রহস্য উন্মোচন করেছে পুলিশ। পরিচালিত এক সাঁড়াশি অভিযানে ডাকাতিতে জড়িত ৫ জন সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল, নগদ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত ক্ষতিকর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকায় ঢাকেশ্বরী বাজারের সোনাচরায় অবস্থিত একটি স্বর্ণের দোকানে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা দোকানে থাকা এক নারী ও দোকানদারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর আনুমানিক ২৬ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, রূপা, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায়।
উক্ত ডাকাতির রোমহর্ষক দৃশ্য সিসিটিভি (CCTV) ক্যামেরায় বন্দি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক তোলপাড়ের সৃষ্টি হয়।
পুলিশের তৎপরতা ও দ্রুত অভিযান
ঘটনাটি জানতে পেরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর বিশেষ নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একাধিক চৌকস টিম যৌথ তদন্ত ও অভিযানে নামে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর রাত ২:০০ টা থেকে সকাল ৮:৩০ টা পর্যন্ত বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন সরাসরি দোকানে ঢুকে ডাকাতিতে অংশ নেয় এবং বাকি ২ জন বাইরে পাহারায় নিয়োজিত ছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়
১. আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন (৩২) — পিতা: মতি মিয়া, সাং: সোনাচড়া, বন্দর, নারায়ণগঞ্জ। (আদালতে পেনাল কোডের ১টি মামলা বিচারাধীন)
২. মোঃ মিজান (২৬) — পিতা: ফজলুল হক, সাং: সোনাচড়া ১নং ঢাকেশ্বরী, বন্দর, নারায়ণগঞ্জ। (আদালতে ৩টি ডাকাতি মামলা বিচারাধীন)
৩. মোঃ অনিক (২২) — পিতা: মোশাররফ হোসেন, সাং: উত্তর লক্ষণখোলা, বন্দর, নারায়ণগঞ্জ। (আদালতে ১টি ডাকাতি মামলা বিচারাধীন)
৪. সুমন বেপারী (৩৮) — পিতা: মৃত আব্দুল মতিন বেপারী, সাং: শোলারচর, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ।
৫. রাজু আহমেদ (২৪) — পিতা: আবুল হোসেন, সাং: সোনাচড়া ২৬ নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জ। (আদালতে ১টি ডাকাতি মামলা বিচারাধীন)
উদ্ধারকৃত আলামত ও মালামাল
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতির লুণ্ঠিত মালামাল ও অপরাধে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে:
নগদ অর্থ: ১৩,৭০০/- টাকা
রূপার গহনা: ১২ ভরি রূপা (৩ জোড়া নূপুর, ২টি চুড়ি ও ৫টি আংটি)
অন্যান্য অলংকার: ২ টি স্বর্ণ ও রূপার প্রলেপ দেয়া রুলি (চুড়ি) এবং ১ টি স্বর্ণের নাকফুল
দেশীয় অস্ত্র: ঘটনার সময় ব্যবহৃত ১৮ ইঞ্চি লম্বা ১টি রামদা/ছুরি, ১২ ইঞ্চি লম্বা ১টি ছুরি এবং ১টি চাইনিজ কুড়াল
পোশাক: সিসিটিভি ফুটেজে দেখা ডাকাতদের পরিহিত শার্ট, গেঞ্জি ও প্যান্ট।
তদন্ত অব্যাহত
বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা দল জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারসহ বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে তাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।
সারাক্ষণ ডেস্ক 
























