কক্সবাজারে যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজার সদর এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাস ট্যাবলেটসহ মো. সরোয়ার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকার বার্মিজ মার্কেট রোড সংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৫।
এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল জানায়, ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কালুর দোকান এলাকায় এক ব্যক্তির মাদক কেনাবেচার জন্য অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে অভিযানিক দল ঘটনাস্থলে গেলে পালানোর চেষ্টা করেন সরোয়ার। এ সময় তাকে আটক করা হয়।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা স্কচটেপে মোড়ানো সাতটি বান্ডেলে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে বলে জানিয়েছে এসআরবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার দীর্ঘদিন ধরে মিয়ানমার ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
উদ্ধার করা ইয়াবা, জব্দ আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাক্ষণ ডেস্ক 



















