শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসান বহিষ্কার
অতীতে তৎকালীন সরকারের সময় শ্রমিক লীগের সদস্য থাকা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের সভাপতি এস এম মকবুল ও সদস্য সচিব নবী নূরের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তাঁতীদল নেতৃবৃন্দের দাবি, ইদ্রিস হাসান মোল্লা নামে শ্রমিক লীগের সদস্য থাকার বিষয়সহ অতীতের রাজনৈতিক সম্পৃক্ততার বিভিন্ন তথ্য-প্রমাণ তাদের কাছে এসেছে। এসব বিষয় পর্যালোচনা করে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, ইদ্রিস হাসানের সঙ্গে তাঁতীদলের আরও যারা জড়িত রয়েছেন বা একই ধরনের অভিযোগের আওতায় রয়েছেন, তাদের বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সারাক্ষণ ডেস্ক 






















