আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় লোকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪১) নামে আলীকদম থানার এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আলীকদম থেকে লামার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থেকে আসা ‘মাতামুহুরী পরিবহনের’ একটি লোকাল বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল (কনস্টেবল নম্বর- ৫৩১, বিপি নম্বর- ৮৪০৪০৬৪৬২৩) পদে কর্মরত ছিলেন। কক্সবাজার জেলার চৌফলদণ্ডী এলাকার বাসিন্দা সাজু চক্রবর্তী দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পিয়াংকা চক্রবর্তী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী, পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাক্ষণ ডেস্ক 


















