কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে তজুমদ্দিনে যুবদলের বিক্ষোভ
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ভোলা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও তজুমদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টুর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে হাসান সাফা পিন্টু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার, ভোলা জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সারাক্ষণ ডেস্ক 


















