কক্সবাজারের জাদী পাহাড় এলাকায় সাইফুল ইসলাম (২৯) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাদমান সিহাব (৩০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
এসআরবি-১৫ জানায়, গত ২০ সেপ্টেম্বর সকালে পাওনা টাকা পরিশোধের কথা বলে সাইফুলকে জাদী পাহাড় এলাকায় ডেকে নেওয়া হয়। পরে দুপুরে মোটরসাইকেল সংক্রান্ত বিরোধ ও বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত সাইফুলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-১৫। গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে সাদমান সিহাবকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর ভাষ্য, গ্রেপ্তার সাদমানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাক্ষণ ডেস্ক 
























