খুলনায় ডেঙ্গু ও সন্দেহজনক হামে দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৯ জন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৪৯ ও সন্দেহজনক হামে ১০০ রোগী ভর্তি; বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হামে ৪২
খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে পৃথকভাবে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৯ জন এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন এসব তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পৃথক স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা জেলায় ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।
এদিকে, খুলনা বিভাগে সন্দেহজনক হামের রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে খুলনায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ল্যাবরেটরি পরীক্ষায় এ পর্যন্ত ৩৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু ও হামের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।
সারাক্ষণ ডেস্ক 





















