কক্সবাজারের বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহজাহানকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রামুর চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চরপাড়া এলাকার মুরত আলমের ছেলে।
র্যাব-১৫ জানায়, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে (২৬) লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রামু থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করা হয়। মামলার পর থেকেই শাহজাহান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব জানায়, পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র্যাব-১৫ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
সারাক্ষণ ডেস্ক 



















