কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ২৯ পৃষ্ঠার ৮৩৭ জনের কমিটি
সহ-সভাপতিই ১৯২ জন
আব্দুল হালিম বুখারী
কক্সবাজার প্রতিনিধি:
দীর্ঘ ছয় বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ পৃষ্ঠার এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি ১৯২ জনকে সহসভাপতি, ২২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পেজে কক্সবাজার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়।
অনুমোদনপত্রের ২৯টি পৃষ্ঠা পর্যালোচনা করে দেখা যায়, কমিটিতে একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক ছাড়াও ১৯২ জন সহসভাপতি, ২২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও উপসম্পাদক পদে ২৬৭ জন, সহসম্পাদক পদে ১৮০ জন এবং সদস্য পদে ১৭৫ জনকে রাখা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান।
এক বছরের কমিটি পূর্ণাঙ্গ হতে ছয় বছর
২০২০ সালের ২ নভেম্বর কক্সবাজার জেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করে ১৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ওই কমিটি অনুমোদন দেন।
ঘোষিত ওই কমিটির মেয়াদ ছিল এক বছর। তবে নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়নি। দীর্ঘ ছয় বছর পর এসে ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।
‘কাউকে বঞ্চিত করা হয়নি’
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে কাউকে বঞ্চিত করা হয়নি। যারা কমিটিতে থাকতে চেয়েছেন, তাদের সবাইকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এত বড় কমিটিতে পদ বণ্টনের ক্ষেত্রে কী ধরনের বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি।
সারাক্ষণ ডেস্ক 























